‘ক্ষমতা বা পদের লোভ নেই, আত্মসম্মান সবার উপরে’! চরম বিতর্কের মুখে আরজেডি ছাড়ার ইঙ্গিত দিলেন লালু-কন্যা

আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এসে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রথম পরিবারের অভ্যন্তরীণ বিবাদ তীব্র আকার ধারণ করেছে। লালুপ্রসাদ যাদবের কিডনি দান নিয়ে চলা গুজবকে কেন্দ্র করে এখন রাজ্যের রাজনীতিতে জটিল আবর্ত সৃষ্টি হয়েছে, যাতে ইন্ধন জুগিয়েছে বিজেপি ও নীতীশ কুমারের জেডিইউ।

জটিলতার সূত্রপাত হয় আরজেডি-র বকলমা শীর্ষ নেতা তেজস্বী যাদবের ছায়াসঙ্গী এবং রাজ্যসভা সদস্য সঞ্জয় যাদবকে ঘিরে। গুজব উঠেছে, সঞ্জয় যাদব নাকি রটাচ্ছেন যে, লালুপ্রসাদ যাদবের বড় মেয়ে রোহিণী আচার্য তাঁর কিডনি প্রতিস্থাপনের জন্য কিডনি দান করেননি।

খুলামেলা যুদ্ধে রোহিণী, আনফলো করলেন তেজস্বীকেও
এই গুজবের জবাবে রোহিণী আচার্য এবার খোলা ময়দানে নেমেছেন। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি আচমকা RJD, বাবা লালুপ্রসাদ ও ভাই তেজস্বী যাদবের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলকে আনফলো করে দিয়েছেন। সেই সঙ্গে একটি আবেগপূর্ণ পোস্ট করে দল ও ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন।

২০২২ সালের ডিসেম্বরে বাবাকে কিডনি দান করার পর রোহিণীকে একসময় দেবীর আসনে বসিয়েছিল দল এবং কট্টর নিন্দুকরাও। কিন্তু এখন গুঞ্জন উঠেছে, তিনি বিধানসভা নির্বাচনে একটি নিশ্চিত জয়ের আসন দাবি করছেন, আর এ নিয়েই সঞ্জয়ের বিরুদ্ধে সরব হয়েছেন রোহিণী।

‘রাষ্ট্রের শত্রুদের ক্ষমা নেই’, দিদির পাশে তেজপ্রতাপ
এই বিতর্কের মধ্যে ঘি ঢেলেছেন লালুর ছোট ছেলে এবং দল থেকে সদ্য বহিষ্কৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদব। তিনি প্রকাশ্যে মাতৃসমা দিদি রোহিণীর পক্ষ নিয়ে বলেছেন, “যে তাঁর দিদিকে অপমানের চেষ্টা করবে, তার বিরুদ্ধে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র চালিয়ে দেবেন।”

পরিবারের সম্মান রক্ষায় রোহিণী তাঁর পোস্টে লিখেছেন, “আমি আমার কর্তব্য ও ধর্ম পালন করেছি। মেয়ে ও বোন হিসেবে আমার যা যা করার ছিল, সব করেছি… আমার কাছে আত্মসম্মানই সবার উপরে।”

চ্যালেঞ্জ ছুড়লেন রোহিণী
আবেগপূর্ণ পোস্টে রোহিণী তাঁর বিরুদ্ধবাদীদের চ্যালেঞ্জ করেছেন। তিনি লেখেন:

“যদি কেউ প্রমাণ করতে পারে যে, আমি বাবাকে কিডনি দান করিনি, তাহলে আমি রাজনীতি ও প্রচারের আলো থেকে সরে দাঁড়াব। আমি চ্যালেঞ্জ করছি। আর যারা এটা প্রমাণ করতে পারবে না, তারা যেন প্রকাশ্যে ক্ষমা চায়। শুধু আমার কাছে নয়, দেশের প্রতিটি মা, বোন, মেয়ের কাছে ক্ষমা চাক তারা।”

অন্যদিকে, আরজেডি এমপি সঞ্জয় যাদব এই পুরো ঘটনাটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “রোহিণীদিদি কেন এসব বলেছেন তা পরিষ্কার হয়ে গিয়েছে। দল ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। এর মধ্যে কোনও সংশয়, দ্বিধা ও মতানৈক্য নেই… যারা গুজব রটাচ্ছে, তারা সফল হবে না।”

বিধানসভা ভোটের আগে লালু পরিবারের এই গার্হস্থ্য কোন্দল RJD-র ঐক্য ও জনপ্রিয়তায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।