বিজেপির ব্যানার সরিয়ে রাতারাতি মুখ্যমন্ত্রীর ছবি! কালীঘাটে শাহের সফর ঘিরে ধুন্ধুমার, রাজনীতির পারদ তুঙ্গে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কালীঘাট সফর ঘিরে ধুন্ধুমার রাজনৈতিক উত্তেজনার সাক্ষী হলো কলকাতা। মন্দির থেকে অমিত শাহ বের হতেই শুরু হয় শাসক ও বিরোধী দলের সমর্থকদের স্লোগান-যুদ্ধ। শাহকে লক্ষ্য করে প্রথমে “জয় বাংলা” স্লোগান দেওয়া হলে, পাল্টা “জয় শ্রীরাম” স্লোগান তুলে ধরেন বিজেপি কর্মীরা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর সফর ঘিরে বাংলার মাটিতে রাজনীতির পারদ আবারও তুঙ্গে উঠলো।

শাহের সফরের আগে কালীঘাটে ‘ব্যানার-নাটক’
অমিত শাহের কালীঘাট সফর ঘিরে আরও একটি রাজনৈতিক নাটক প্রকাশ্যে এসেছে। বিজেপি কর্মীদের অভিযোগ, শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশেপাশে বিজেপির তরফে যে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল, তা রাতের অন্ধকারে কে বা কারা সরিয়ে দিয়েছে!

বিজেপির আরও অভিযোগ, সরিয়ে দেওয়া সেই স্থানে রাতারাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ব্যানার লাগানো হয়। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব।

তলব অব্যাহত: ফের ইডি দফতরে হাজিরা দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ
অন্যদিকে, যখন কলকাতায় রাজনৈতিক উত্তেজনা চরমে, তখন নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা অব্যাহত।

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বুধবারের পর বৃহস্পতিবারও (২৪ ঘণ্টা কাটতে না কাটতেই) ফের ইডি দফতরে হাজিরা দিয়েছেন। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছান। জানা গেছে, গতকাল প্রায় ৭ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মন্ত্রীর এই লাগাতার ইডি দফতরে হাজিরা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপান-উতোর সৃষ্টি হয়েছে।