‘সোনার বাংলা’র সরকার চেয়ে মা দুর্গার কাছে প্রার্থনা! পুজো উদ্বোধনে এসে ভোটের দামামা বাজালেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শুক্রবার কলকাতায় দুর্গাপূজা উদ্বোধনের মঞ্চ থেকে আগামী নির্বাচনের জন্য সরাসরি রাজনৈতিক বার্তা দিলেন। মা দুর্গার কাছে তিনি এমন একটি সরকার নির্বাচনের জন্য প্রার্থনা করেছেন, যা বাংলাকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
এদিন তিনি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করেন। এই পূজার থিম ছিল ভারতীয় সেনাবাহিনীর শৌর্যকে উৎসর্গ করে ‘অপারেশন সিঁদুর’। এই উদ্বোধনের পরেই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন অমিত শাহ।
মন্দির থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বার্তাটি স্পষ্ট করেন। তিনি বলেন, “আমি এইমাত্র মায়ের পূজা করেছি। প্রার্থনা করেছি, এই ভোটের পর বাংলায় এমন সরকার গড়ে উঠুক, যা সোনার বাংলা তৈরি করতে পারবে। এমন একটি সরকার আসুক, যা সুরক্ষিত, সুজলাং-সুফলাং বাংলা দেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার বাংলাকে আমরা ফের প্রতিষ্ঠা করতে পারব।”
রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মঞ্চকে কাজে লাগিয়ে অমিত শাহ স্পষ্ট করে দেন যে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাদের ‘সোনার বাংলা’ স্লোগান নিয়ে ফের ময়দানে নামছে। পূজার মাধ্যমে বঙ্গ সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো দেশাত্মবোধক থিমের মাধ্যমে জাতীয়তাবাদের বার্তা—এই দুই কৌশল একযোগে ব্যবহার করলেন বিজেপির এই প্রধান চাণক্য।