বিস্ফোরক মন্তব্যের মামলায় ফেঁসে গেলেন রাহুল! লোকসভার বিরোধী নেতার বিরুদ্ধে এবার কী হবে?

লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বারাণসীর এমপি/এমএলএ বিশেষ আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে যে পুনর্বিবেচনার আবেদন (Revision Petition) দায়ের করেছিলেন, শুক্রবার তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গত ৩ সেপ্টেম্বর উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে হাইকোর্ট রায়টি স্থগিত রেখেছিল।
মামলাটির সূত্রপাত হয় বারাণসীর নাগেশ্বর মিশ্র নামে এক ব্যক্তির একটি অভিযোগের ভিত্তিতে। মিশ্র বারাণসীর একটি ম্যাজিস্ট্রেট আদালতে রাহুলের বিরুদ্ধে এফআইআর-এর আবেদন জানিয়েছিলেন। অভিযোগ ছিল, রাহুল গান্ধী ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় একটি “বিবাদজনক মন্তব্য” করেছিলেন, যেখানে তিনি প্রশ্ন তোলেন যে ভারতের শিখরা পাগড়ি পরা বা গুরুদ্বারে যাওয়া নিয়ে কি নিরাপদ বোধ করেন।
প্রথমে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করে দিয়েছিল। কারণ আদালতের যুক্তি ছিল, যেহেতু কথিত মন্তব্যটি ভারতের বাইরে করা হয়েছিল, তাই এটির বিচার প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। এরপর অভিযোগকারী মিশ্র বারাণসীর দায়রা আদালতের দ্বারস্থ হন। দায়রা আদালত ম্যাজিস্ট্রেটের খারিজের নির্দেশকে বাতিল করে মামলাটি পুনরায় শোনার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেয়।
দায়রা আদালতের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর আইনজীবী আদালতে সওয়াল করেন যে, রাহুলের মন্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি কোনোভাবেই বিদ্রোহ বা সহিংসতায় উস্কানি দেননি। কিন্তু শুক্রবার হাইকোর্ট সেই পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় বারাণসীর এমপি/এমএলএ বিশেষ আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা চলার পথ আরও পরিষ্কার হল।