দাম্পত্য কলহের চরম পরিণতি! কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, হতবাক স্বামী ছুটলেন হাসপাতালে

দাম্পত্য কলহের জেরে এবার সামনে এল এক ভয়ঙ্কর ঘটনা। ঝগড়ার বশে স্ত্রী তাঁর স্বামীর ডান কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন আহত স্বামী।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার উত্তরপ্রদেশের কানপুরে। আহত ব্যক্তির নাম অমিত শঙ্কর, তাঁর স্ত্রীর নাম সারিকা।

অমিত শঙ্কর অভিযোগ করেন, “সারিকা দাঁত দিয়ে কামড়ে আমার এক কান ছিঁড়ে নিয়েছে। ও আর আমার সঙ্গে থাকতে চায় না। বারবার আমাকে ছেড়ে যাওয়ার জন্য জোরাজুরি করে। টাকা ও বাড়ি চায়। কিন্তু আমি সবজি বিক্রি করে সংসার চালাই। এত টাকা কোথায় পাব!”

অমিতের দাবি, সেদিন রাতে তিনি সোফায় শুয়েছিলেন। আচমকাই সারিকা বচসা শুরু করেন এবং ঘুমন্ত স্বামীর উপর হামলা চালান। ঝগড়া করতে করতেই তিনি অমিতের ডান কান কামড়ে ছিঁড়ে নেন। এমনকি, সারিকা ধারালো অস্ত্র নিয়েও হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ করেন অমিত।

জানা গেছে, আট বছর আগে ভালোবেসেই তাঁরা বিয়ে করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা কোর্টে চলছে। স্ত্রীর এমন নৃশংস কাণ্ডের পর অমিত তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, সারিকাও স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় কানপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।