মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে বিপত্তি! নিখোঁজ একজন, কান্নায় ভেঙে পড়ল পরিবার

আবারও মর্মান্তিক দুর্ঘটনা। রানীনগরে পদ্মায় মাছ ধরতে গিয়ে একটি ডিঙি নৌকা উল্টে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে মোহনগঞ্জ ঘোষ ঘাট এলাকায়। নিখোঁজ যুবকের নাম গণেশ মণ্ডল (৩৫), তার বাড়ি রাধাগোবিন্দপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মোট পাঁচজন মৎস্যজীবী পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন। সকাল ৬টা নাগাদ হঠাৎ তাদের ডিঙিটি উল্টে যায়। চারজন মৎস্যজীবী কোনোক্রমে সাঁতরে তীরে উঠতে পারলেও গণেশ মণ্ডল নিখোঁজ হয়ে যান। একজন নৌকা চালক এই ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় মৎস্যজীবীরাও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। জালের সাহায্যে নদীতে নিখোঁজ যুবকের খোঁজ চলছে। নদীর তীরে গণেশের পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন এবং তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গণেশ প্রতিদিনের মতোই ভোর ৪টায় মাছ ধরতে গিয়েছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।