৬ দিনে নয়, মাত্র ১ ঘণ্টায় শেষ হয় দুর্গাপুজো! কোথায় হয় এই অলৌকিক পুজো?

সাধারণত দুর্গাপুজো ষষ্ঠী থেকে শুরু হয়ে বিজয়া দশমীতে শেষ হয়, কিন্তু পশ্চিম বর্ধমানের বার্নপুরের ধেনুয়া গ্রামে এর সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। দামোদর নদের তীরে কালীকৃষ্ণ আশ্রমে এক অভিনব নিয়মে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এখানে মহালয়ার দিনেই পুজো শুরু হয় এবং মহালয়ার দিনেই শেষও হয়ে যায়।

কথিত আছে, ১৯৭৮ সালে তেজনন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেন। সেই থেকে এই আশ্রমে প্রতি বছর মহালয়ার দিন দেবীর আরাধনা করা হয়। এই বিশেষ দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর সমস্ত পূজা একসাথেই সম্পন্ন হয়। জানা যায়, কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুর প্রথম এই পুজোর সূচনা করেছিলেন। তিনি গ্রামবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটি ছোট মন্দির তৈরি করেন এবং নিজেই প্রতিমা গড়ে তাতে মায়ের প্রতিষ্ঠা করেন।

এই পুজোর বিশেষত্ব এখানেই শেষ নয়। এখানে দেবী দুর্গা তাঁর চার ছেলেমেয়েকে নিয়ে আসেন না, বরং তিনি তাঁর দুই সখী জয়া-বিজয়ার সঙ্গে পূজিত হন। মায়ের এই রূপটি সিংহবাহিনী, মহিষমর্দিনী নয়। একদিনের পুজো মানে যে সারাদিন ধরে পুজো চলবে, এমনটাও নয়। মাত্র এক ঘণ্টার মধ্যে সমস্ত রীতিনীতি সম্পন্ন করে পুজো শেষ করা হয়। স্থানীয় শিল্পীরাই প্রতিমা তৈরি করেন এবং দূর-দূরান্ত থেকে মানুষ এই বিশেষ পুজো দেখতে ছুটে আসেন। দশমীর পুজো সম্পন্ন হওয়ার পর মহালয়ার দিনেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এই অনন্য রীতি এবং ভক্তিভাব এই পুজোকে এক বিশেষ মর্যাদা এনে দিয়েছে।