জাতীয় সড়কে টোটোর বিপদ! বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনায় আহত ৭, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বর্ধমানের রথতলার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাতজন গুরুতর আহত হয়েছেন। দুর্গাপুরের দিক থেকে কলকাতামুখী একটি টোটোকে পিছন থেকে একটি ছোট গাড়ি সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে টোটো চালকসহ মোট সাতজন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা সকলেই আউশগ্রাম থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গেছে, রাইসমিলে কাজ করার জন্য সকালে তারা টোটোতে চেপে জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে।
এর আগেও বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে টোটো দুর্ঘটনার কবলে পড়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক টোটোচালক জাতীয় সড়কে টোটো চালিয়ে থাকেন, যা প্রায়শই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এই দুর্ঘটনার পর আবারও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর নজরদারির প্রশ্ন উঠেছে।