নবদ্বীপে বিজেপি কর্মী খুন, শুভেন্দুর নিশানায় তৃণমূল, ‘রাজনৈতিক কারণেই খুন’, অভিযোগ বিরোধী নেতার

নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর পুলিশ মর্গ থেকে কল্যাণী এইমসে পাঠানো হয়েছে।

এই ঘটনায় রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর চাপানউতোর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই খুনের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন। তিনি বলেন, “নবদ্বীপ আসন তৃণমূলের হাতছাড়া হওয়ার ভয়ে টলমল করছে, তাই রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে।” এই খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

ভিন রাজ্যে কাজে গিয়ে ফের বাঙালি শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া বারাসতে
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবারও এক বাঙালি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম অভিজিৎ ওরফে রাজু পোদ্দার (৩৪), তার বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। এই ঘটনায় তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, কেরলে কাজ করতে গিয়ে অভিজিতের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে ভিড় করছেন পাড়া-প্রতিবেশীরা। স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার অভিজিতের নিথর দেহ কেরল থেকে ট্রেনে করে বারাসতের উদ্দেশে রওনা দিয়েছে, যা সম্ভবত রবিবার বাড়িতে পৌঁছাবে। এই ঘটনা আবারও পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার বিষয়টি সামনে এনেছে।