‘কল্কি’র পর ‘স্পিরিট’ থেকেও বাদ! তবে কেন দীপিকার কেরিয়ার নিয়ে চিন্তিত নন অনুরাগীরা? আসল কারণ জানলে চমকে উঠবেন।

দু’টি বড় বাজেটের সিনেমা থেকে বাদ পড়ার পরও কেন দীপিকা পাড়ুকোন এতটুকুও বিচলিত নন? বরং যেন আরও উজ্জ্বল তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবির ঘোষণা করেছেন অভিনেত্রী। আর তাতেই অনুরাগীরা বুঝে গিয়েছেন, কেন দীপিকা ‘স্পিরিট’ এবং ‘কল্কি’-র মতো বিগ বাজেট ছবি থেকে বাদ পড়লেও তাঁর কেরিয়ার নিয়ে চিন্তিত নন।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে নিয়ে কম জলঘোলা হয়নি। ‘স্পিরিট’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাম না করে দীপিকার বিরুদ্ধে ‘কমবয়সী অভিনেতাদের অপমান ও গল্প ফাঁস’ করার অভিযোগ আনেন। এরপরেই দীপিকা সেই ছবি থেকে বাদ পড়েন। এরপর বৈজয়ন্তী মুভিজ তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানায়, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে দীপিকাকে দেখা যাবে না। কারণ হিসেবে তারা অভিনেত্রীর থেকে আরও বেশি ‘দায়িত্ববোধ’ ও ‘পেশাদারিত্ব’ আশা করেছিলেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

তবে এতকিছুর পরও যেন দীপিকা দমে যাননি। বরং তার ঠিক একদিন পরেই তিনি তার নতুন ছবি ‘কিং’-এর ঘোষণা করেন। এই ছবিতে ষষ্ঠবারের জন্য শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এর আগে এই জুটিকে আমরা ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবিতে দেখেছি।

‘কিং’ ছবির ঘোষণার সঙ্গে দীপিকা একটি আবেগঘন পোস্টও লেখেন। যেখানে তিনি শাহরুখের সঙ্গে তার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এর শুটিংয়ের কথা স্মরণ করে বলেন, “প্রায় ১৮ বছর আগে সে আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। বলেছিল, সিনেমা তৈরির অভিজ্ঞতা এবং তুমি যাদের সঙ্গে কাজ করছ সেটা সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।” এই কথা দিয়েই দীপিকা বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ‘কল্কি’ এবং ‘স্পিরিট’ ছবি থেকে সরে এসেছেন। তিনি আরও বলেন, “আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তার প্রতিটিতে আমি সেই শিক্ষা কাজে লাগিয়েছি। আর সম্ভবত সেই কারণেই আমরা আবার একসঙ্গে আমাদের ষষ্ঠ সিনেমা বানাচ্ছি।”

বর্তমানে ‘কিং’ ছবিতে শাহরুখ-দীপিকার সঙ্গে রয়েছেন সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে। এই ছবির ঘোষণার পরই দীপিকার অনুরাগীরা এবং স্বামী রণবীর সিং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, দীপিকা শিগগিরই অ্যাটলির নতুন ছবি ‘AA22xA6’-এ আল্লু অর্জুনের সঙ্গেও জুটি বাঁধছেন।