“পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে স্বামীকে চাপ দেওয়া নিষ্ঠুরতা”- পর্যবেক্ষণ হাইকোর্টের

পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য কোনও স্ত্রী যদি তাঁর স্বামীকে চাপ দেন, তাহলে তা বিবাহ আইনের অধীনে ‘নিষ্ঠুরতা’ হিসাবে বিবেচিত হবে। সম্প্রতি একটি বিবাহ বিচ্ছেদের মামলার রায় দিতে গিয়ে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং হরিশ বৈদ্যনাথনের বেঞ্চ জানায়, যদিও আলাদা থাকার ইচ্ছে নিষ্ঠুরতা নয়, কিন্তু স্বামীর পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন করার জন্য চাপ দেওয়া চরম নিষ্ঠুরতা। আদালত আরও জানায়, এই ধরনের চাপ মানসিক নির্যাতনের সমতুল্য।
মামলায় আদালত স্পষ্ট করে জানায় যে, কোনও স্বামী বা স্ত্রী যদি জনসমক্ষে তাঁদের সঙ্গীকে অপমান বা গালিগালাজ করেন, সেটিও নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে। এই পর্যবেক্ষণটি একটি পারিবারিক আদালতের বিবাহবিচ্ছেদের রায়কে চ্যালেঞ্জ করে স্ত্রীর করা মামলার প্রেক্ষিতে দেওয়া হয়। হাইকোর্ট ওই স্ত্রীর আবেদন খারিজ করে পারিবারিক আদালতের রায় বহাল রাখে।
আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, ওই স্ত্রী শুধু স্বামীর বিধবা মা এবং বিবাহবিচ্ছিন্না দিদির সঙ্গে সম্পর্ক না রাখার জন্য চাপ দেননি, বরং সম্পত্তি ভাগাভাগিরও জোর করেন। আরও উদ্বেগজনক বিষয় হল, নিজের দাবি না মানলে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের হুমকিও দেন ওই স্ত্রী। আদালত এই আচরণকে সবথেকে নিষ্ঠুর বলে রায় দেয়। এছাড়া, ওই স্ত্রী তাঁর স্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের নিজেদের সন্তানের কাছে যেতে দিতেও বাধা দেন, যা তাঁর নিষ্ঠুরতার আরও একটি প্রমাণ হিসাবে বিবেচিত হয়েছে।