সামনে চপ-কাটলেট-চাউমিন, আড়ালে চলছে অন্য ‘ব্যবসা’, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গঙ্গা-যমুনা এলাকায় একটি ফাস্ট ফুডের দোকানের আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার রাতে দোকানটির সামনে বিক্ষোভ দেখান এবং সেটি ভেঙে ফেলার হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। এরপরই দোকানের মালিককে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে অমল রাউত নামের এক ব্যক্তি বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাশে প্রথমে একটি পানের দোকান খোলেন। পরে সেটি ফাস্ট ফুডের দোকানে পরিণত হয়। গ্রামবাসীদের অভিযোগ, গত এক-দুই বছর ধরে ওই দোকানে অবৈধ মদের ব্যবসা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে। এ বিষয়ে দোকান মালিককে বারবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় বহু গ্রামবাসী, বিশেষ করে মহিলারা, দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দোকানে তল্লাশি শুরু করে। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। দোকানের মালিক অমল রাউত প্রথমে পালিয়ে গেলেও পরে তার স্ত্রীকে আটকের খবর পেয়ে ফিরে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, অবৈধভাবে ব্যবসা চালানোর অভিযোগে অমল রাউতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে। যদিও গ্রামবাসীরা দোকানে মধুচক্র চলার অভিযোগ তুলেছেন, পুলিশ জানিয়েছে এই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

Editor001
  • Editor001