ভাগ্নেকে খুন করে রক্ত-লিভার হাতে উল্লাস মামাদের, বোনের উপরেও আক্রমণ! হাড়হিম কাণ্ড যোগীরাজ্যে

পারিবারিক বিবাদের জেরে নিজের বোনকে বেধড়ক মারধর করে তার এক বছরের সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। দুই ভাইয়ের হামলায় ৩০ বছরের ওই যুবতী গুরুতর আহত হয়েছেন এবং তার এক বছরের শিশুপুত্র ঘটনাস্থলেই মারা গেছে।

পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার জানিয়েছেন, সোমবার রাতে যুবতীর দুই ভাই ধারালো অস্ত্র নিয়ে তার ভাড়া বাড়িতে ঢুকে হামলা চালায়। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক ঝামেলার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ আরও জানতে পেরেছে, ওই যুবতীর স্বামী বর্তমানে চুরির অভিযোগে জেল হেফাজতে রয়েছে এবং তিনি তার সন্তানকে নিয়ে একাই থাকতেন। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে।

এর আগেও পারিবারিক বিবাদের জেরে ভাগ্নেকে খুনের মতো নৃশংস ঘটনা ঘটেছে। রাজস্থানের আলওয়ার জেলায় এক ব্যক্তি নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তান্ত্রিকের নির্দেশে নিজের ছয় বছরের ভাগ্নেকে খুন করে। স্ত্রীর সঙ্গে ঝামেলার পর তিনি বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। ওই ব্যক্তি তান্ত্রিকের পরামর্শে যজ্ঞের জন্য রক্তের পাশাপাশি ভাগ্নের লিভারটি বের করে নেওয়ার পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিল ওই নাবালক। তার ক্ষতবিক্ষত দেহ একটি নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়। দেহটিতে একাধিক ইনজেকশন দেওয়ার দাগ ছিল, যা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে মনোজ কুমার নামে ওই ব্যক্তি স্বীকার করেন যে, তান্ত্রিক সুনীলের নির্দেশে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। পুলিশ তান্ত্রিক সুনীল কুমারকেও গ্রেপ্তার করেছে। এই ঘটনাটি আবারও সমাজে কুসংস্কার এবং তন্ত্র সাধনার ভয়াবহ দিকটি সামনে এনেছে।