যাদবপুরকে ‘হেরোইন-চরসের আখড়া’ বললেন শুভেন্দু, ‘সব জঞ্জাল সাফ করে দেব’, হুঁশিয়ারি বিজেপি নেতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা নিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানকে ‘হেরোইন আর চরসের আখড়া’ বলে আখ্যা দিয়েছেন এবং এর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “যাদবপুরে যারা সংবিধান মানে না, হেরোইন ও চরসের আখড়া করে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লালন-পালন করেন। কারণ ভোটের সময় এরা ‘নো ভোট টু মোদী’ স্লোগান দেয়।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরের পরিস্থিতি বদলে যাবে। যত জঞ্জাল আছে, সব পরিষ্কার করে দেব আমরা।” এর আগে ওই বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো বা ‘বন্দে মাতরম’ গান গাওয়ার বিরোধিতা নিয়েও তিনি বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে আক্রমণ করেছিলেন।
যাদবপুরের পাশাপাশি, ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, “এগুলো বেশিরভাগই ভুয়ো প্রচার। হরিয়ানা সরকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সেখানে আটক হওয়া এক হাজার বাংলাভাষীর মধ্যে ৯১৫ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী।”
তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু নিয়ে শুভেন্দুর এই কঠোর মন্তব্য রাজ্য রাজনীতিতে আরও বিতর্কের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।