পূর্ব বর্ধমানে চাঞ্চল্য, ‘৩০ বছর ধরে ভোট দিচ্ছি, এখন মৃত বলে ঘোষণা, নির্বাচন কমিশনের কাজে ক্ষুব্ধ বৃদ্ধ

পুজোর মরসুমের পর থেকেই দেশজুড়ে শুরু হতে যাচ্ছে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। এর মধ্যেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর স্বরডাঙা এলাকার এক জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা খোকন দাস।
কী ঘটেছিল?
গত ৩০ বছর ধরে ভোট দিয়ে আসা খোকন দাস হঠাৎ করেই জানতে পারেন, ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে। কারণ জানতে গিয়ে তিনি দেখেন, তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। অথচ তার স্ত্রী ও ছেলের নাম তালিকায় রয়েছে। এই বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুনরায় তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন।
খোকন দাস বলেন, “আমি তিরিশ বছর ধরে ভোট দিয়ে আসছি। এখন দেখা যাচ্ছে ভোটার তালিকায় আমাকে মৃত বলে ঘোষণা করে নাম বাদ দেওয়া হয়েছে।”
রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনার পর স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ দে এটিকে ‘ষড়যন্ত্র’ বলে মনে করছেন। তিনি খোকন দাসকে নির্বাচন দফতরে লিখিত অভিযোগ জমা দিতে বলেছেন।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেস SIR প্রক্রিয়ার বিরোধিতা করে জেলাজুড়ে প্রতিবাদ ব্যানার লাগিয়েছে। তাদের অভিযোগ, সাধারণ মানুষের নাম এইভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
বিজেপি নেতা সমর দাসও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এসআইআর নিয়ে একটা আতঙ্ক আছে। বর্তমান শাসক দল প্রভাব খাটিয়ে এইভাবে নিরীহ মানুষদের নাম কেটে দিচ্ছে। কেউ ভয়ে অভিযোগও করতে পারছে না।” তিনি আরও জানান, এই বিষয়টি তারা দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন।