এক ধাক্কায় কমলো পতঞ্জলির শেয়ারের দাম, কিন্তু বিনিয়োগকারীরা কি লোকসানে? জেনে নিন আসল কারণ

কথায় আছে বোনাস মানেই লাভ। কিন্তু সেই বোনাস পেয়েই এক ধাক্কায় কমে গেল পতঞ্জলি ফুডস-এর শেয়ারের দর। প্রতি শেয়ারে দাম এসে ঠেকেছে ৫৯৫ টাকা-তে। এই আপাতদৃষ্টিতে লোকসানের কারণ হলো, বৃহস্পতিবারই সংস্থা বিনিয়োগকারীদের হাতে ২:১ অনুপাতে বাড়তি শেয়ার বিনামূল্যে তুলে দিয়েছে। এর মানে, কারও কাছে যদি আগে ১০০টি শেয়ার থাকে, তাহলে এখন তাঁর কাছে মোট ৩০০টি শেয়ার আছে।

চলতি বছরের ১৭ই জুলাই পতঞ্জলি এই বোনাস শেয়ারের কথা ঘোষণা করেছিল। শর্ত ছিল, যে সব বিনিয়োগকারী ১১ই সেপ্টেম্বর পর্যন্ত সংস্থার শেয়ার হোল্ড করবেন, শুধুমাত্র তারাই এই বাড়তি শেয়ারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এরপর যারা শেয়ার কিনেছেন, তারা এই সুবিধা পাবেন না।

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, বোনাস শেয়ার ইস্যু হলে সাধারণত শেয়ারের দাম সাময়িকভাবে কমে যায়। কারণ শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রতিটি শেয়ারের মূল্য সেই অনুপাতে সমন্বয় করা হয়। তাই শেয়ার প্রতি দাম কমলেও একজন যোগ্য বিনিয়োগকারীর মোট শেয়ারের মূল্য প্রায় অপরিবর্তিত থাকে।

সংস্থা সূত্রে জানা গেছে, বর্তমানে জনসাধারণের হাতে পতঞ্জলির ৩১ শতাংশ শেয়ার রয়েছে। বোনাস শেয়ার দেওয়ার পর সংস্থার মোট শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ কোটি। যার মধ্যে ৭২ কোটির বেশি হলো নতুন বোনাস শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি দেশের সবচেয়ে বিশ্বস্ত সংস্থা এলআইসি (LIC)-ও পতঞ্জলির শেয়ারে বড়সড় বিনিয়োগ করেছে। তাদের কাছে রয়েছে পতঞ্জলির ৯.১৪ শতাংশ শেয়ার।