এ যেন দুর্গাপুজোর থিম! মালদহের পঞ্চায়েত দফতরের সৌন্দর্যায়ন দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন

দুর্গাপূজার থিমের আদলে সেজে উঠেছে মালদহের চাঁচল এক ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত দফতর। এটি এখন আর শুধু একটি সরকারি অফিস নয়, বরং এক শিল্পকর্ম। এই সৌন্দর্যায়ন মানুষের নজর কেড়েছে এবং একে দেখতে এখন শুধু মালদহ নয়, অন্য জেলা থেকেও ভিড় জমাচ্ছেন মানুষজন।
এই গ্রাম পঞ্চায়েত দফতরটি প্রবেশদ্বার থেকে শুরু করে অফিস ঘর, সভাকক্ষ, বারান্দা পর্যন্ত নানা সামাজিক বার্তা দিয়ে সাজানো হয়েছে। দেয়ালে রয়েছে মনীষীদের ছবি ও তাঁদের মূল্যবান বাণী। হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন মডেলের মাধ্যমে গ্রাম বাংলার পরিবেশ তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, জেলার ঐতিহাসিক স্থানগুলিও থিমের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ করে নারী ও শিশু সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও এই থিমে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এই অভিনব সৌন্দর্যায়ন দেখতে দক্ষিণ দিনাজপুর জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিরাও পরিদর্শনে এসেছিলেন। তাঁরা জানান, এমন সুন্দর পঞ্চায়েত অফিস আগে কখনও দেখেননি। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান বলেন, “এই সৌন্দর্যায়নের মাধ্যমে আমরা মানুষকে সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নের রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি। আগামী দিনে আমরা এই পঞ্চায়েত দফতরকে আরও ভালোভাবে সাজানোর চেষ্টা করব।”
এই অভিনব উদ্যোগ পূজার মরসুমে সবার নজর কেড়েছে এবং অন্যান্য জেলার কর্মকর্তাদের কাছেও প্রশংসিত হয়েছে।