“খেলাটা হতে দিন”-ভারত VS পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন ক্রিকেট ম্যাচটি বাতিলের জন্য করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, “এটা শুধুই একটি ম্যাচ, এটা হতে দিন।”
আইনের ছাত্রী উর্বশী জৈন ও আরও তিনজনের করা জনস্বার্থ মামলায় আবেদন জানানো হয়েছিল যে, পাকিস্তান যেহেতু সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, তাই তাদের সঙ্গে ক্রিকেট খেলা শহীদদের আত্মত্যাগকে অসম্মান করবে। পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুরে অনেক সেনা ও বেসামরিক নাগরিকের জীবন হারানোর প্রসঙ্গও তুলে ধরা হয়েছিল।
আদালত এই আবেদনের শুনানি করতে অস্বীকার করে বলে, “ম্যাচ রবিবার, এখন কী করা সম্ভব? এ নিয়ে তাড়াহুড়োর দরকার নেই।” আদালতের এই রায়ে স্পষ্ট হয়ে গেছে যে, এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি নির্ধারিত তারিখ ১৪ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে।
যদিও রাজনৈতিক মহলে এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। শিবসেনা (ইউবিটি)-এর সাংসদ সঞ্জয় রাউত এই ম্যাচকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ আখ্যা দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদবের মতো ব্যক্তিত্বও বিসিসিআইকে ম্যাচ বয়কট করার পরামর্শ দিয়েছিলেন। তবে সব ধরনের বিরোধিতা সত্ত্বেও আদালতের এই রায়ের পর ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই স্বাভাবিক নিয়মেই চলবে। গ্রুপ পর্ব ছাড়াও সুপার-৪ এবং ফাইনালে এই দুই দলের আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।