অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে ‘বিষ’! খিচুড়িতে কিলবিল করছে পোকা, ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

আবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে ভয়াবহ গাফিলতির অভিযোগ। এবার হাওড়ার জগৎবল্লভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর দিঘিরপাড় এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের দেওয়া খিচুড়িতে পাওয়া গেল পোকা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
জানা গেছে, ওই কেন্দ্রে প্রায় ১৩৪ জন শিশু পড়াশোনা করে। পড়াশোনা শেষে তাদের জন্য রান্না করা খিচুড়ি দেওয়া হয়। শিশুরা সেই খিচুড়ি নিয়ে বাড়ি গেলে তাদের অভিভাবকরা থালা ভরে পোকা দেখতে পান। এ নিয়ে হইচই শুরু হলে এলাকার মানুষজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
অভিভাবকরা প্রশ্ন তোলেন, “এই খাবার খেয়ে যদি কোনো শিশুর স্বাস্থ্য খারাপ হয়, তার দায় কে নেবে?” বিক্ষুব্ধরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চালের বস্তা পরীক্ষা করে দেখেন, সেখানেও কিলবিল করছে পোকা।
তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি স্বপ্না মালিক দাবি করেন, রান্নার সময় তিনি পোকা দেখতে পাননি। পরে অভিভাবকরা খিচুড়ি নিয়ে এলে তিনিও পোকা দেখতে পেয়েছেন। একই ভাবে কেন্দ্রের শিক্ষিকা শম্পা নন্দী জানান, রান্নার বিষয়টি তিনি দেখেন না। কিন্তু শিশুদের স্বাস্থ্যহানির দায় কার, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “দায় আমাদেরই হবে।”
শিশুদের জীবন নিয়ে এমন অবহেলার ঘটনায় অভিভাবকরা আতঙ্কিত। স্থানীয় প্রশাসন দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা।