SPORTS: এশিয়া কাপের দলে জায়গা পাননি, এবার আরও বড় দায়িত্ব পেলেন শ্রেয়স

এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার বিতর্ক থামতে না থামতেই শ্রেয়স আইয়ারের জন্য এলো এক বিরাট খবর। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে তাকে। প্রধান নির্বাচক অজিত আগারকর যখন তাকে এশিয়া কাপের দলে জায়গা দিতে না পেরে দুঃখপ্রকাশ করেছিলেন, তখন হয়তো অনেকেই ভাবতে পারেননি, এমন একটি সুযোগ তার জন্য অপেক্ষা করছে।
শনিবার বিসিসিআই অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করেছে, যেখানে অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম সবার উপরে। এছাড়া ধ্রুব জুরেলকে সহ-অধিনায়ক করা হয়েছে। ভারতীয় ‘এ’ দল অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। প্রথম টেস্ট ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
দলে নতুন মুখের ভিড়
দল থেকে ঋতুরাজ গায়কোয়াড় ও রজত পতিদারের মতো খেলোয়াড় বাদ পড়লেও, দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা এন জগদীশন, দেবদত্ত পাডিক্কল এবং আয়ুশ বাদোনির মতো খেলোয়াড়রা দলে জায়গা পেয়েছেন। এছাড়াও রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, নিতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ এবং খলিল আহমেদের মতো তরুণ প্রতিভারা।
শ্রেয়স আইয়ারের এই অধিনায়কত্ব, তাকে আবার জাতীয় দলে ফিরে আসার সুযোগ করে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।