বেপরোয়া রেসিং বাইকের ধাক্কায় মৃত্যু পথচারীর, বাইকচালক আটক

বেপরোয়া গতির রেসিং বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বিশালক্ষ্মী তলা এলাকায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘাতক বাইকসহ চালককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
কী ঘটেছিল?
জানা গেছে, স্থানীয় বাসিন্দা বছর পঞ্চাশের জয়ন্ত মণ্ডল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির রেসিং বাইক তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে তিনি প্রায় ১০-১২ ফুট দূরে ছিটকে পড়েন। তার নাক দিয়ে রক্তপাত শুরু হয় এবং তিনি গুরুতর আহত হন।
চালককে আটক করল এলাকাবাসী
ঘটনার পর বাইকচালক বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাইক এবং চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, গুরুতর আহত জয়ন্ত মণ্ডলকে স্থানীয়রা বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা হলেই ওই এলাকায় রেসিং বাইকের দৌরাত্ম্য শুরু হয়। এর আগেও অনেকবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের বেপরোয়া গতির বাইকচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।