লালকেল্লার জৈন মন্দিরে কোটি টাকার কলসি লোপাট, পুরোহিত সেজে এসেছিল চোর

দিল্লির লালকেল্লার মতো সুরক্ষিত এলাকায় একটি পার্কে চলমান জৈন আচার অনুষ্ঠান থেকে ১ কোটি টাকা মূল্যের একটি কলসি চুরি হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

চুরি যাওয়া কলসিটির মূল্য প্রায় ১ কোটি টাকা, কারণ এটি সোনা, হিরে এবং রুবি দিয়ে তৈরি। এর মধ্যে ৭৬০ গ্রাম সোনা এবং ১৫০ গ্রাম হিরে, রুবি ও পান্না ছিল বলে পুলিশ জানিয়েছে।

কীভাবে হলো চুরি?

লালকেল্লার ১৫ নম্বর গেটের কাছে একটি পার্কে এই জৈন ধর্মীয় অনুষ্ঠানটি চলছিল। বিপুল সংখ্যক মানুষের ভিড়ের মধ্যেই এই ঘটনাটি ঘটে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছে, অভিযুক্ত পুরোহিতের ছদ্মবেশে অনুষ্ঠানে ঢুকেছিল। সে গোপনে কলসিটি একটি ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তাকে ব্যাগ নিয়ে বের হতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। এই ঘটনা লালকেল্লার মতো সুরক্ষিত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।