৬০ দিনের ডেডলাইন, চাকরি হারিয়ে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন ভারতীয় মেধাবীরা!

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা নীতির তীব্র সমালোচনা করেছেন মিনিয়াপোলিসের ডেটা সায়েন্টিস্ট নাথান প্ল্যাটার। তার এক ভারতীয় বন্ধু চাকরি হারানোর পর ৬০ দিনের সময়সীমার মধ্যে নতুন চাকরি জোগাড় করতে না পারায় যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি মার্কিন ভিসা নীতিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
প্ল্যাটার তার লিঙ্কডইন পোস্টে বলেন, তার ওই বন্ধু যুক্তরাষ্ট্রে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর দুই বছর কাজ করেছেন এবং নিয়মিত কর দিয়েছেন। তারপরও ৬০ দিনের সময়সীমার মধ্যে নতুন নিয়োগকর্তার কাছ থেকে ভিসা স্পনসরশিপ না পাওয়ায় তাকে টেক্সাসের অস্টিন থেকে ভারতে ফিরতে হয়েছে।
প্ল্যাটার ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আমরা তাকে এখানে পড়াশোনা করতে দিলাম, কাজ করার সুযোগ দিলাম, কর নিলাম— আর এখন তাকে বের করে দিচ্ছি! ৬০ দিনের সময়সীমা এতটাই কম যে এই সময়ের মধ্যে নতুন চাকরি পাওয়া প্রায় অসম্ভব।”
বিশেষজ্ঞরাও মনে করেন, এই কঠোর নিয়ম যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। অনেক দক্ষ পেশাজীবী এভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে চলে যেতে বাধ্য হচ্ছেন। প্ল্যাটারের মতে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টার্টআপ, বাড়ির মালিক এবং শহরগুলো।
তিনি আরও বলেন, “আমরা মেধাবীদের তৈরি করছি, অথচ পরে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হাতে তুলে দিচ্ছি। এতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রেরই।” আন্তর্জাতিক মেধা ধরে রাখতে এখনই এইচ-১বি ভিসা ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।