গুলি করে অপহরণ করে গণধর্ষণ, পাটনায় গ্রেফতার ২

বিহারের পাটনায় এক মহিলাকে বন্দুকের মুখে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ পাটনার একটি রেলস্টেশনের কাছে এক মহিলা অপেক্ষা করছিলেন। সেই সময় মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে। এরপর ওই মহিলাকে স্টেশনের কাছে একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশি তৎপরতায় গ্রেফতার দুষ্কৃতী
ধর্ষকদের হাত থেকে ছাড়া পেয়েই ওই মহিলা স্থানীয় টহলরত পুলিশকে পুরো ঘটনাটি জানান। পাটনা গ্রামীণ পুলিশ সুপার বিক্রম সিহাগ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে। ধর্ষিতা জায়গাটি নির্দিষ্টভাবে চিনতে না পারায় প্রযুক্তি ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্তদের খোঁজ শুরু হয়। অবশেষে পুলিশ ঘটনাস্থল চিহ্নিত করে সোনু কুমার যাদব ওরফে সোনু সানাটা এবং নিরঞ্জন নামে দুই অভিযুক্তকে আটক করে।
পুলিশ সুপার জানান, পুলিশকে দেখেই তারা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের ঘটনাস্থলেই ধরে ফেলা হয়। অভিযুক্ত সোনু কুমার একজন চিহ্নিত অপরাধী। ফতুহা, বাড়, খুসরুপুর এবং জক্কানপুর থানায় তার নামে তোলাবাজি, শারীরিক নির্যাতন সহ আটটি মামলা রয়েছে। সম্প্রতি তারা জমির দালালি ও তোলাবাজির মতো অপরাধমূলক কাজের সঙ্গেও যুক্ত হয়েছিল। পুলিশ সুপার আরও জানিয়েছেন, তাদের জুলুমের শিকার হওয়া আরও কেউ যদি তথ্য দেয়, তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।