প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা, চাপ দিয়ে ৩৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ

মুর্শিদাবাদের রানিনগরে এক প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রানিনগর ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আইনাল হক-কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, চাল চুরির অপবাদ দিয়ে ওই শিক্ষককে ৩৫ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা।

মঙ্গলবার সকালে বাবুলতলি খলিলুর রহমান বিদ্যা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়-এর ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার স্ত্রী পলি সিংহ রায়ের অভিযোগ, স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে তার স্বামীর ওপর ৩৫ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল।

পলি সিংহ রায় বলেন, “আইনাল বারবার আমার স্বামীকে হুমকি দিচ্ছিল যে, বিনা কারণে ফাঁসিয়ে দেবে, তাকে চোর প্রমাণ করবে। যদি ৩৫ লক্ষ টাকা দেওয়া হয়, তবেই তাকে মুক্তি দেবে। এই চাপের কারণে আমার স্বামী ভীষণরকম মানসিক অবসাদে ভুগছিলেন। চাল চুরির ঘটনার পর থেকেই এই অত্যাচার শুরু হয়েছিল।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আইনাল হকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮, ৩৫১, এবং ৩৫২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীরা সরব হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের এনকাউন্টার করা উচিত। তিনি বলেন, একজন স্কুলের প্রধান শিক্ষককে কীভাবে তৃণমূলের এক সামান্য নেতা চাপ তৈরি করতে পারে? এর দায় তৃণমূলকে নিতে হবে।” তিনি আরও বলেন, “পাড়ায় সমাধান, একটাই সমাধান, তৃণমূলকে সরাতে হবে।”