মৎস্যমন্ত্রীকে ‘অপদার্থ’ বলে অপমান TMC বিধায়কের, ফের উত্তাপ বিধানসভা, পরে কী হলো জানুন?

রাজ্যের মৎস্যমন্ত্রীকে বিধানসভার ভিতরেই ‘অপদার্থ’ বললেন নিজের দলেরই এক বিধায়ক। বৃহস্পতিবার বিধানসভার অন্দরে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে এই বলে কটাক্ষ করেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যে কতগুলি মৎস্য সমবায় রয়েছে এবং তার মধ্যে কতগুলি বন্ধ হয়ে আছে, সে বিষয়ে মন্ত্রী কিছুই জানেন না।

সমর মুখোপাধ্যায় দাবি করেন যে, রাজ্যে বহু মৎস্য সমবায় বন্ধ হয়ে পড়ে আছে। এর জবাবে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, “রাজ্যে মোট ৮৭৫টি মৎস্য সমবায় রয়েছে। কিছু সমবায় বন্ধ থাকতে পারে, তবে সব বন্ধ হয়ে গেছে—এই তথ্য ঠিক নয়।”

তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক সমর মুখোপাধ্যায়কে জানান, মন্ত্রীকে ‘অপদার্থ’ বলা ঠিক হয়নি। এরপরই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।

বিতর্কের পর মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, “অধিবেশনের বিরতির সময় সমর মুখোপাধ্যায় আমার কাছে এসে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন।” পরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের ঘরে সমর মুখোপাধ্যায়কে ডেকে পাঠান। সেখানেও সমর মুখোপাধ্যায় স্বীকার করেন,’অপদার্থ’ শব্দটি তার মুখ ফসকে বেরিয়ে গেছে।