পারিবারিক অশান্তির জেরে নৃশংস হামলা! কুড়ুল দিয়ে কুপিয়ে খুন স্ত্রীকে, ফেরার স্বামী… শোরগোল ময়নাগুড়িতে

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর উপর নৃশংস হামলা। কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামশাই বাজার এলাকায়। এমন নৃশংস খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।
নিহত মহিলার নাম প্রমীলা ওরাও (৩৫)। বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, করম পূজার মেলা থেকে ফিরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড বচসা শুরু হয়। এই বিবাদের জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
প্রমীলা ওরাওয়ের দেহে কুড়ুলের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তে ভেসে যাওয়া দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশি তদন্ত শুরু
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাজকুমার ওরাও পলাতক। পুলিশ তার খোঁজে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।