বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু স্কুটি চালক মহিলার, রাস্তায় পরে রক্তে মাখা নিধর দেহ, ভয়ানক ঘটনা বিলাসবহুল নিউটাউনে!

নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯ বছর বয়সী এক মহিলা। আজ সকালে স্কুটিতে করে অফিসে যাওয়ার পথে একটি সরকারি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতার নাম বনশ্রী পাল, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউটাউন ইকো পার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের কাছে একটি কাটআউট দিয়ে তিনি ইউটার্ন নিচ্ছিলেন। ঠিক তখনই ডিপোর দিকে যাচ্ছিল এমন একটি সরকারি বাস পেছন থেকে তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে তিনি ছিটকে পড়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। বর্তমানে পুলিশ বাস চালকের খোঁজে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার কারণে ব্যস্ত সময়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়। এই ঘটনাটি ফের একবার শহরের ব্যস্ত রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পথ নিরাপত্তার অভাব নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।