‘আপনারা কি পাগল?’, বাফার জোন প্রস্তাব খারিজ করে ইউরোপীয় ইউনিয়নকে তুলোধোনা জেলেনস্কির

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া একটি শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন শর্ত দিয়েছিলেন যে, রাশিয়া দখল করা অঞ্চল ছাড়বে না এবং ন্যাটোর পক্ষ থেকে কোনো গ্যারান্টিও চাইবে না, শুধু পূর্ব ইউক্রেনের একটি অংশকে ‘বাফার জোন’ হিসেবে মেনে নিতে হবে, যা রাষ্ট্রসংঘের নজরদারিতে থাকবে। এই প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আপনারা কি পাগল? জেনেবুঝে পুতিনের ফাঁদে পা দিতে চান? আমি এই প্রস্তাব মানব না।”

জেলেনস্কি পরে সাংবাদিকদের সামনে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “যাঁরা আধুনিক যুদ্ধের কিছুই বোঝেন না, তাঁরাই এইসব উদ্ভট চিন্তা করেন। কীসের বাফার জোন! রাশিয়া-ইউক্রেনের মধ্যে বাফার জোন বলে কিছু হতে পারে না।”

জেলেনস্কির এই কঠোর মন্তব্যের পর স্পষ্ট হয়ে গেল যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতার চেষ্টাও ব্যর্থ হলো। যুদ্ধের কোনো সমাধান সূত্র না মেলার কারণে কিয়েভে রুশ হামলা আরও বেড়ে গেছে। দুদিন আগেই রাশিয়া ইউক্রেনের অন্যতম সেরা যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধ এখনই থামার কোনো লক্ষণ নেই।