Recipe: গরম ভাতের সাথে মেখে খান ‘সর্ষে চিকেন’, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

কখনও বৃষ্টি, আবার কখনও ভ্যাপসা গরম। এই আবহাওয়ার পরিবর্তনে অনেকেই সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। যার ফলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় এবং কিছুই খেতে ইচ্ছা করে না। এমন অবস্থায় মুখে রুচি ফেরাতে গরম ভাতের সাথে গরম গরম টক-ঝাল সর্ষে চিকেন হলে কেমন হয়? রেসিপিটি খুব সহজ, আর স্বাদ? অসাধারণ! চলুন দেখে নিই, কীভাবে বানাবেন।

উপকরণ:

  • পরিমাণ মতো মুরগির মাংস
  • টক দই
  • সরষের তেল
  • কাঁচা লঙ্কার পেস্ট (ঝাল অনুযায়ী)
  • গোটা কাঁচা লঙ্কা
  • রসুন পেস্ট
  • সর্ষে বাটা (শিলনোড়ায় বা মিক্সিতে বাটা)
  • নুন
  • হলুদ গুঁড়ো
  • জিরে গুঁড়ো
  • চিনি (ঐচ্ছিক)

রান্নার পদ্ধতি:

 

১. ম্যারিনেশন: একটি পাত্রে মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার তাতে রসুন পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিন। এই মিশ্রণটি এক ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন, যাতে মাংসের মধ্যে সব মশলার ফ্লেভার ঢুকে যায়।

২. রান্নার প্রস্তুতি: একটি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করুন। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসগুলো কড়াইতে দিয়ে দিন। মাংস থেকে জল ছাড়তে শুরু করবে। জল শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে থাকুন।

৩. দই ও মশলা যোগ: মাংসের জল শুকিয়ে এলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে নাড়তে থাকুন। হালকা আঁচে রান্নাটা করতে থাকুন। এরপর নুন, জিরে গুঁড়ো, চিনি এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন।

৪. সর্ষে বাটা ও ফিনিশিং টাচ: মাংস শুকিয়ে এলে সামান্য গরম জল দিন। রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে সর্ষে বাটা মিশিয়ে দিন এবং অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন। এবার উপরে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে পাত্রটি ঢেকে দিন।

ব্যাস! তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু টক-ঝাল সর্ষে চিকেন। একেবারে গরম ভাতের সাথে খাওয়ার আগে ঢাকনা খুলুন, আর উপভোগ করুন অসাধারণ স্বাদ।