কিম জং উনের উত্তরাধিকারী কে? ছেলে থাকতেও কেন মেয়েকে সামনে আনছেন কিম

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের ১৫ বছর বয়সী মেয়ে কিম জো আহ এখন আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার বিষয়। সম্প্রতি বেইজিং সফরে আবারও শিরোনামে এসেছেন তিনি। এর আগে বহুবার বাবার সাথে জনসম্মুখে দেখা গেলেও, এবার কিম জো আহ-কে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবেই দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন কিম তার বড় ছেলেকে পিছনে ফেলে মেয়েকে এতটা সামনে আনছেন? এর পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রথম কিম জো আহ: এক ব্যতিক্রমী জীবন
২০১০ সালে জন্ম নেওয়া কিম জো আহ কোনো সাধারণ স্কুলে পড়াশোনা করেননি। তিনি ঘোড়সওয়ারে খুব আগ্রহী এবং জানা যায়, কিম জং উন নিজেও মেয়ের এই শখের ভক্ত। শুধু তাই নয়, কিম পরিবারের সদস্যদের মধ্যে কিম জং উনের পর একমাত্র কিম জো আহ-কেই কর্মকর্তারা ‘সম্মানিত’ বলে সম্বোধন করেন, যা উত্তর কোরিয়ার প্রথা অনুযায়ী কেবল সর্বোচ্চ নেতার জন্য সংরক্ষিত।
মেয়েকে সামনে আনার ৩টি সম্ভাব্য কারণ
১. পুরুষতান্ত্রিক প্রথা ভাঙার চেষ্টা: ১৯৪৮ সাল থেকে কিম পরিবার উত্তর কোরিয়া শাসন করে এলেও, এখন পর্যন্ত সকল শাসকই পুরুষ। কিম পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিনের পুরুষতন্ত্রের অভিযোগ রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান বিষয়ক প্রভাষক এডওয়ার্ড হাওয়েল বলেন, “কিম হয়তো তার মেয়েকে সামনে এনে প্রতীকীভাবে এই পুরুষতান্ত্রিক প্রথার অবসান ঘটাতে চাইছেন।”
২. ছেলের তথ্যের গোপনীয়তা: কিম জং উনের তিন সন্তানের মধ্যে কিম জো আহ-র এক বড় ভাই এবং এক ছোট ভাই আছে। কিমের দুই ছেলের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না এবং তাদের বাবার সাথে জনসমক্ষে খুব কমই দেখা যায়। ধারণা করা হচ্ছে, কিম সম্ভবত উত্তরাধিকারের প্রতিযোগিতা এড়াতে চাইছেন, তাই বড় ছেলেকে সামনে আনছেন না।
৩. বোনের চেয়ে মেয়েকে প্রাধান্য: কিমের বোন কিম ইয়ো জং একসময় তার ভাইয়ের সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে কিম তার মেয়ের ওপর বেশি ভরসা রাখছেন। যেভাবে কিম জো আহ-কে জনসমক্ষে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে কিম তার বোন কিম ইয়ো জং-এর পরিবর্তে তার মেয়েকেই কিছু গুরুত্বপূর্ণ পদে বসাতে পারেন।