“২০ লক্ষ ক্ষতিপূরণ ও ২ জনকে চাকরি”-র দাবিতে ১৭ ঘণ্টা অবরোধ, পুলিশের লাঠিচার্জ

পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়েছে। মঙ্গলবার রাতে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর প্রতিবাদে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রায় ১৭ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রাখেন। পুলিশকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
মৃত যুবকের নাম অশোক মাহাতো, তিনি শ্রীরামপুরের বাসিন্দা। মঙ্গলবার ইসিএল হাসপাতাল সংলগ্ন দেন্দুয়া-কল্যাণেশ্বরী রাস্তার উপর একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা প্রথমে দেন্দুয়া-কল্যাণেশ্বরী রাস্তা অবরোধ করে। রাত ৮টা নাগাদ এই অবরোধ আসানসোল-চিত্তরঞ্জন রোডের দেন্দুয়া মোড়েও ছড়িয়ে পড়ে।
পরিবারের লোকজন এবং স্থানীয়রা যুবকের মৃত্যুর জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের ২ জনকে সরকারি চাকরির দাবিতে অনড় থাকেন। রাতভর চলে তাদের এই বিক্ষোভ। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো সমাধান না হওয়ায় অবরোধকারীরা রাস্তা ছাড়তে রাজি হননি। অবরোধের কারণে বাস, ট্রাক ও অন্যান্য ছোট গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
বুধবার সকালে পুলিশ একটি বিশাল বাহিনী নিয়ে অবরোধ তুলতে যায়। কিন্তু বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরতে রাজি না হওয়ায় তুমুল অশান্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। অবশেষে, প্রায় ১৭ ঘন্টা পর অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।