‘বাবা-মা আলাদা থাকলেও শিশুদের ভালোবাসা থেকে বঞ্চিত করা যাবে না’, অভিভাবকত্ব নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের!

বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হলেও সন্তানকে দু’জনের ভালোবাসা থেকে বঞ্চিত করা যায় না। বাবা-মা আলাদা থাকলেও বা আলাদা দেশে বসবাস করলেও, সন্তানের সঙ্গে তাদের দুজনেরই সম্পর্ক বজায় থাকা জরুরি। একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ
বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ একটি মামলার রায়ে জানায়, বাবা-মায়ের ব্যক্তিগত মতবিরোধের শিকার যেন সন্তান না হয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত এক বাবাকে তার নয় বছরের ছেলের সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলার অনুমতি দিয়েছে। ছেলেটি বর্তমানে আয়ারল্যান্ডে তার মায়ের সঙ্গে থাকে।
আদালত বলেছে, “বাবা নিজে সন্তানের অভিভাবকত্ব চাননি, শুধু নিয়মিত ভিডিও চ্যাটে যোগাযোগের সুযোগ চেয়েছেন। আমরা মনে করি এই দাবি ন্যায়সঙ্গত এবং প্রাসঙ্গিক।” সুপ্রিম কোর্ট আরও জানায়, প্রতিটি শিশুরই বাবা-মা দুজনের স্নেহ পাওয়ার অধিকার আছে। সন্তানকে এই স্নেহ, মানসিক সমর্থন এবং দিকনির্দেশনা থেকে বঞ্চিত করা ঠিক নয়।
আদালতের নির্দেশ
আদালত নির্দেশ দিয়েছে যে, ওই ব্যক্তি প্রতি দ্বিতীয় রবিবার আয়ারল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার ছেলের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবেন।
রায়ে উভয় পক্ষকে সহযোগিতা এবং সদিচ্ছা নিয়ে এই বন্দোবস্ত মেনে চলতে বলা হয়েছে। আদালতের মতে, সন্তানের স্বার্থই সবার আগে। বাবা-মায়ের মধ্যে কোনো রকম বাধা বা শত্রুতার পরিবেশ তৈরি করা যাবে না।