আপনার জন্য সুখবর! আধার কার্ডের তথ্য এবার মোবাইলেই আপলোড হবে, আসছে নতুন অ্যাপ

ডিজিটাল ভারতের প্রধান পরিচয়পত্র আধার কার্ড এবার আরও বেশি করে আপনার হাতের মুঠোয় চলে আসছে। আধার কার্ডে নাম, ঠিকানা বা জন্মতারিখের মতো জরুরি তথ্য আপডেট করার জন্য এবার থেকে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। কারণ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI একটি নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসছে, যা চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকেই চালু হতে পারে।
কীভাবে কাজ করবে এই নতুন অ্যাপ?
প্রাথমিকভাবে ‘ই-আধার’ (e-Aadhaar) নামে পরিচিত এই অ্যাপটি তৈরি করা হচ্ছে আধার সংক্রান্ত পরিষেবা আরও সহজ করতে। এর ফলে, সাধারণ মানুষকে ছোটখাটো আপডেটের জন্য আধার কেন্দ্রে যেতে হবে না। UIDAI সূত্রে খবর, এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ফেস আইডি-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, যা পরিচর্যা যাচাই প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও নির্ভুল করে তুলবে।
কোন কোন কাজ করতে পারবেন?
নতুন অ্যাপটি চালু হলে শুধুমাত্র বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করার জন্য আধার কেন্দ্রে যেতে হবে। বাকি সব আপডেটই মোবাইলের মাধ্যমে করা যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অন্যান্য সরকারি নথি, যেমন জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড থেকে তথ্য যাচাই করে নেবে। এর ফলে সময় বাঁচবে এবং ভুল হওয়ার ঝুঁকি কমবে।
সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো আধার পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং ব্যবহারকারী-বান্ধব করে তোলা। একই সঙ্গে, পরিচয়পত্র সংক্রান্ত জালিয়াতিও কমানো যাবে। যদি এই অ্যাপ সফল হয়, তাহলে আধার কার্ডের ব্যবহার আরও সহজ ও নিরাপদ হবে।