SSC-র দাগিদের তালিকায় BJP নেতার স্ত্রী, বড় ষড়যন্ত্র দাবি গেরুয়া শিবিরের

স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকা ঘিরে বিতর্ক থামছেই না। এবার এই তালিকায় বীরভূম জেলার বিজেপি কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম উঠে আসায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লক্ষ্মী বিশ্বাস, যিনি রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা, তার রোল নম্বর হল ১২২২১৬২৭০০০১১৫।

লক্ষ্মী বিশ্বাসের মেরিট পয়েন্ট ৮৩.৬৭, যা অনেক যোগ্য শিক্ষকের থেকে বেশি। তা সত্ত্বেও তার নাম অযোগ্যদের তালিকায় কেন রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার স্বামী সুরজিৎ সরকার। মঙ্গলবার রামপুরহাটে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি বিজেপি করি বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্ত্রীর নাম অযোগ্যদের তালিকায় রাখা হয়েছে। এটা স্পষ্ট রাজনৈতিক চক্রান্ত।” তিনি আরও অভিযোগ করেন, যেসব শিক্ষকের মেরিট পয়েন্ট মাত্র ৭৭, তাদেরও যোগ্যদের তালিকায় রাখা হয়েছে।

সুরজিৎ সরকারের এই অভিযোগের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। সুরজিৎ সরকার জানিয়েছেন, তারা এই বিষয়ে সিবিআই-এর দ্বারস্থ হবেন। অন্যদিকে, বিজেপির অন্য কিছু নেতা অভিযোগ করেছেন যে, এসএসসি প্রকাশিত তালিকাটি অসম্পূর্ণ এবং কেন প্রথমে ১৮০৪ জনের নাম প্রকাশের পর গভীর রাতে আরও দুজনের নাম প্রকাশ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই এসএসসি ১৮০৬ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অনেক প্রভাবশালী ব্যক্তির নাম থাকার অভিযোগও উঠেছে। কারও বিরুদ্ধে মন্ত্রীর মেয়ে, তো কেউ কাউন্সিলর, কেউ আবার দাপুটে নেতার স্ত্রী বলে অভিযোগ উঠেছে। এবার বিজেপি নেতার স্ত্রীর নাম আসায় বিষয়টি নতুন মাত্রা পেল। তবে এই অভিযোগের বিষয়ে শাসকদলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।