গরিবের গান কি রাজপ্রাসাদে হবে’,নতুন প্রোমোয় ফিরলেন নীল, মধুমিতার সঙ্গে জমজমাট সংঘাত

অবশেষে অপেক্ষার অবসান! অভিনেত্রী মধুমিতা সরকারের ছোটপর্দায় প্রত্যাবর্তনের পর এবার নতুন মেগার দ্বিতীয় প্রোমোতে প্রকাশ্যে এলেন অভিনেতা নীল ভট্টাচার্য। প্রথম প্রোমোতে শুধু মধুমিতাকে দেখা গেলেও, এবার দুই জনপ্রিয় তারকার সংঘাতের ঝলক দেখা গেল নতুন প্রোমোতে।

ঝিলের সংগ্রামী জীবন ও র‍্যাপের সুর
প্রোমো শুরু হয় মধুমিতার চরিত্র ‘ঝিল’-এর র‍্যাপ গানের সঙ্গে। এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে, যার বাবা মাংসের জন্য মায়ের উপর শারীরিক অত্যাচার করে। ‘টাকা আসবে কোথা থেকে, কিস্তি দিতে হবে না?’ – এই উক্তি ঝিলের মায়ের অসহায়তা তুলে ধরে। বাবার অত্যাচার দেখে রাগে ঝিল বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসে এবং মাইক হাতে নিজের মনের কথা র‍্যাপের মাধ্যমে তুলে ধরে। রাস্তায় তার র‍্যাপ শুনতে ভিড় জমে যায় দর্শকদের।

এক ডাক্তার ও এক র‍্যাপারের সংঘাত
এই সময় ঘটনাস্থলে এসে পড়ে একটি গাড়ি, যেখানে ছিলেন ডাক্তার চরিত্রে অভিনয় করা নীল ভট্টাচার্য। রাস্তায় ভিড় দেখে তিনি গাড়ি থেকে নেমে ঝিলকে বলেন, “রাস্তা জ্যাম করে নাচ-গান হচ্ছে।” ঝিল এর কড়া জবাব দিয়ে বলে, “গরিবের গান রাস্তায় হবে না তো কি আপনার রাজপ্রাসাদে হবে?”

এরপর নীল যখন বলেন যে তাঁকে নার্সিংহোমে যেতে হবে, ঝিল আবার বলে, “নার্সিংহোমে যাবেন তো পয়সা কামাতে।” নীলের চরিত্রটি তখন বলে, সে রোগীর টাকা দেখে চিকিৎসা করে না। এই কথা শুনে ঝিল নিজেই নীলের গাড়ির বনেটে বসে ভিড় সরিয়ে দেয়, আর গাড়ির চালক বলে ওঠে, “আমাদের পাড়ার মেয়ে স্যার ঝিল। খুব কষ্টের জীবন মেয়েটার।”

এই প্রোমোতে একদিকে ঝিলের সংগ্রামী জীবন এবং অন্যদিকে একজন আদর্শ চিকিৎসকের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। তবে কবে থেকে এই মেগা শুরু হবে, তা এখনও চ্যানেল কর্তৃপক্ষ জানায়নি। দুই তারকার এই নতুন জুটি ছোটপর্দায় কতটা সাড়া ফেলে, সেটাই এখন দেখার অপেক্ষা।