‘একজনও দাগি প্রার্থী পরীক্ষায় বসলে, SSC-কে ফল ভুগতে হবে’, কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার সরাসরি সুপ্রিম কোর্ট কড়া মন্তব্য করল। ‘অযোগ্য’ প্রার্থীদের আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্ট এসএসসিকে ভর্ৎসনা করেছে। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট জানিয়েছেন যে, যদি প্রমাণিত হয় যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবারও ‘অযোগ্য’দের সুযোগ দেওয়া হয়েছে, তবে এর ফল ভালো হবে না।
এসএসসির আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “আপনাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। যদি আপনারা তাদের সুযোগ দেন, তাহলে তার ফল ভোগ করতে হবে।” তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এসএসসি ‘অযোগ্য’ প্রার্থীদের পক্ষে হাইকোর্টে গিয়েছিল? বিচারপতি বলেন, এর পেছনে মন্ত্রীদের ইচ্ছা ছিল, আর সেই কারণেই পুরো নিয়োগ প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে।
সুপ্রিম কোর্ট মনে করে, যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন এবং তাদের জীবন নষ্ট হয়েছে। বিচারপতি বলেন, “আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করছেন? এটা কি ঠিক?” তিনি হুঁশিয়ারি দেন যে, সুপ্রিম কোর্ট এসএসসির কাজের ওপর কড়া নজর রাখছে এবং নির্দেশের কোনো হেরফের হলেই হস্তক্ষেপ করা হবে।
এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় ‘অযোগ্য’ প্রার্থীরা কোনোভাবেই অংশ নিতে পারবে না। কিন্তু যোগ্য প্রার্থীদের আইনজীবীরা দাবি করেছেন যে, নতুন বিজ্ঞপ্তিতেও ‘দাগি’ বা অযোগ্য প্রার্থীরা আবেদন করছেন। এর পরই সুপ্রিম কোর্ট কড়া মনোভাব দেখায়।
এই মামলার সঙ্গে যুক্ত বিতর্কের শেষ হচ্ছে না। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট— সব জায়গাতেই যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের নিয়ে বিতর্ক চলছে। রাজ্যের এই নিয়োগ দুর্নীতি মামলা এখন সবার কাছে একটি বড় ইস্যু হয়ে উঠেছে।