জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২! জারি তল্লাশি অভিযান

জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা (LoC) দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল পাকিস্তানি জঙ্গিরা। কিন্তু ভারতীয় সেনার কড়া নজরদারিতে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই পাকিস্তানি জঙ্গিকে গুলি করে মারা হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাতে ‘অপারেশন নওশেরা নার ৪’ নামে একটি যৌথ অভিযান শুরু করে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। গুরেজ সেক্টরের নওশেরা নারের কাছে একদল জঙ্গিকে নিয়ন্ত্রণরেখা পেরোনোর চেষ্টা করতে দেখা যায়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা পাল্টা গুলি চালাতে শুরু করে। দুই পক্ষের মধ্যে চলা এই সংঘর্ষে দুজন জঙ্গি নিহত হয়। বাকি জঙ্গিদের খোঁজে এখনো ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি অনেক বাড়ানো হয়েছে। গত মাসেই শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গিকে খতম করা হয়। চলতি মাসের শুরুতে কুলগাঁও জেলার অখল জঙ্গলে ‘অপারেশন অখল’-এ আরও ছয়জন জঙ্গিকে মারা হয়েছিল। এসবের পর আবারও জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা স্পষ্টতই প্রমাণ করে যে, উপত্যকায় জঙ্গিদের আনাগোনা এখনো থামেনি।

এদিকে, ওই অঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে মোবাইল, ইন্টারনেট এবং ফোন পরিষেবাও বিঘ্নিত হয়েছে। এই খারাপ আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে জঙ্গিরা ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।