“রেজিস্ট্রি করার সময় পাইনি”-নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন নুসরত জাহান

অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরত জাহান বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন। এবার তিনি মুখ খুললেন নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তারা বিয়ে করলেও সেটি আইনিভাবে রেজিস্ট্রি করা হয়নি।

২০১৯ সালে তুরস্কে নিখিল জৈনের সঙ্গে বিলাসবহুলভাবে বিয়ে করেছিলেন নুসরত। সেই সময় বিয়ের ছবি থেকে শুরু করে পার্লামেন্টে গিয়ে নিজেকে ‘নুসরত জাহান রুহি জৈন’ বলে পরিচয় দেওয়া— সব কিছুই খবরে ছিল। তবে দুই বছরের মাথায় তিনি হঠাৎই জানান যে, নিখিলের সঙ্গে তার আইনত বিয়ে হয়নি, তাই বিবাহবিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না। তার এই মন্তব্যে তখন ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।

নুসরতের নতুন বক্তব্য

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে নুসরত জানান, “আমি বিয়ে তো করেছি, হ্যাঁ সেটা আইনিভাবে হয়নি। রেজিস্ট্রি করার সময় পাইনি।” তিনি আরও বলেন, “ওদের ওখান থেকে একটা আইনজীবীর চিঠি এসেছিল। সেখানে লেখা ছিল, যেহেতু এই বিয়েটা রেজিস্টার করা হয়নি, তাই এটা বিয়ে নয়।”

নুসরতের দাবি, তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু হয়তো ঠিকমতো বোঝাতে পারেননি, তাই তার কথা ভুলভাবে মানুষের কাছে পৌঁছেছিল। তিনি বলেন, “গোটা ভারতবর্ষ যেটা দেখলো, সেটা আমি মিথ্যে কীভাবে বলতে পারি?”

যশ ও নুসরত-এর সম্পর্ক

নিখিলের সঙ্গে সম্পর্কের মধ্যেই নুসরত অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। পরে তিনি নিখিলের বাড়ি ছেড়ে যশের সঙ্গে লিভ-ইন শুরু করেন। বর্তমানে নুসরত এক সন্তানের মা। তার সন্তানের বাবা যশ। তাদের দু’জনের বিয়ে হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

এদিকে, নুসরতকে এখন শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’-এর একটি আইটেম গানে দেখা যাবে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।