ভয়ঙ্কর! বন্ধ ক্লাসরুমের দরজা, জানালা দিয়ে বেরতে বেহাল দশা দ্বিতীয় শ্রেণির ছাত্রীর, সারারাত কাটল ওভাবেই

এক ভয়াবহ গাফিলতির ঘটনা সামনে এসেছে ওড়িশার একটি স্কুল থেকে। স্কুলের শিক্ষিকা ও কর্মীরা ক্লাস রুমে এক দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে তালাবন্দি করে চলে যান। মেয়েটি সারা রাত স্কুলের জানালায় আটকে ছিল।

এই ঘটনাটি ঘটেছে কেওনঝড় জেলার অঞ্জর সরকারি আপার প্রাইমারি স্কুলে।আট বছর বয়সী জ্যোৎস্না দেহুরি নামের ওই ছাত্রীটি বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর ক্লাস রুমে থেকে যায়।বিকেল ৪টেয় স্কুল ছুটি হলেও শিক্ষিকা তাকে খেয়াল না করে ক্লাস রুমের দরজা বন্ধ করে চলে যান। এরপর অন্য কর্মীরাও স্কুল তালা দিয়ে চলে যান।রাতে ভয় পেয়ে জ্যোৎস্না জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু তার মাথা জানালার গ্রিলে আটকে যায়।

সারা রাত জ্যোৎস্নার মা-বাবা তাকে খুঁজেও পাননি। পরদিন সকালে স্কুলের রাঁধুনি এসে ক্লাস রুমের দরোজা খুলে মেয়েটিকে ওই অবস্থায় দেখতে পান। তখন স্থানীয়রা এসে লোহার রড বাঁকিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সে এখন সম্পূর্ণ সুস্থ আছে।

এই গাফিলতির জন্য জেলা প্রশাসন ওই স্কুলের হেডমাস্টার গৌর হরি মহান্তকে সাসপেন্ড করেছে।