কীভাবে শুরু হল প্রিয়ার সঙ্গে প্রেমপর্ব?‌ কেই বা প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন? জানালেন রিঙ্কু

কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। অন্যদিকে, প্রিয়া সরোজ হলেন সমাজবাদী পার্টির এক তরুণ সাংসদ। এই দু’জনের প্রেমের সম্পর্ক এখন সবার মুখে মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিঙ্কু নিজেই তাদের প্রেমের গল্প নিয়ে মুখ খুলেছেন।

রিঙ্কু জানান, তাদের প্রথম পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। ২০২২ সালের কোভিড মহামারীর সময় রিঙ্কুর বোনের একটি ছবিতে রিঙ্কু লাইক করেছিলেন। প্রথম দেখাতেই প্রিয়াকে তার বেশ ভালো লেগেছিল। পরে যখন প্রিয়াও রিঙ্কুর কিছু ছবিতে লাইক দেন, তখন রিঙ্কু সাহস করে তাকে মেসেজ করেন। এভাবেই তাদের কথা শুরু হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

রিঙ্কু বলেন, “২০২২ সাল থেকেই আমি ওকে ভালোবাসি। তবে মনের কথা জানাতে একটু সময় লেগেছিল। আমি ভাগ্যবান যে ওর মতো একজনকে জীবনে পেয়েছি।”

রিঙ্কু জানান, সম্পর্কের শুরুর দিকে তাদের মধ্যে অনেক গল্প হতো। কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। এর কারণ হলো, প্রিয়া এখন একজন সাংসদ এবং খুবই ব্যস্ত থাকেন। সারাদিন তাকে গ্রামের মানুষের জন্য কাজ করতে হয় এবং সংসদেও যেতে হয়। এই ব্যস্ততার কারণে তাদের আর আগের মতো কথা হয় না। রিঙ্কু বলেন, “ওর অনেক কাজ থাকে। সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরে। তাই আমাদের গল্প আর তেমন হয় না। ওই রাতেই যা একটু কথা হয়।”

চলতি বছরের জুন মাসে লখনউতে রিঙ্কু ও প্রিয়ার বাগদান হয়েছে। তাদের নভেম্বর মাসে বিয়ে করার কথা ছিল, কিন্তু রিঙ্কুর এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ায় এবং সামনে ঘরোয়া খেলার মরসুম থাকায় বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।