হাঁটু-কনুই কালচে দাগ নিয়ে চিন্তা? দূর করুন ৩ টি ঘরোয়া উপায়ে

নিয়মিত পরিচর্যায় মুখের উজ্জ্বলতা বাড়লেও হাঁটু ও কনুইয়ের কালচে দাগ তোলার ব্যপারে আমরা অনেকেই উদাসীন। তবে অনেকে এ দাগ নিয়ে অস্বস্তিবোধ করেন।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ দাগ সহজে যেতেও চায় না। তবে এমন কয়েকটি ঘরে তৈরি প্যাক রয়েছে, যেগুলো কাজে লাগিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগ সহজে দূর করা যায়। চলুন দেখে নেওয়া যাক, সেসব উপায় :

চিনি ও লেবুর প্যাক

উপকরণ—একটি পাতিলেবু ও এক চামচ চিনির রস। প্রথমে এক চামচ চিনি জলে গুলিয়ে নিন। এবার পাতিলেবু সমান দুভাগে কেটে ফেলুন। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু-তিন দিন করলে দ্রুত ফল পাবেন। এই পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূর করা সম্ভব।

দই, বেসন ও লেবুর প্যাক

উপকরণ—এক চামচ বেসন, এক চামচ টকদই, এক চামচ পাতিলেবুর রস ও এক চামচ চিনি। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। তারপর মিনিট পাঁচেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুদিন করলে দ্রুত ফল পাবেন।

চিনি ও অলিভ অয়েল

উপকরণ—এক চামচ চিনি ও এক চামচ অলিভ অয়েল। চিনির সঙ্গে অলিভ অয়েল ভালো করে মিশিয়ে কনুইয়ে ১০ মিনিট ভালো করে মালিশ করুন। তারপর পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্রাবিং করার জন্য হাত-পায়ের যেকোনো অংশেই ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *