SIR আবহেই ভয়ঙ্কর অভিযোগ! শ্বশুরকে বাবা বানিয়ে এদেশের নাগরিক যুবক! পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কর্মী হিসেবে কর্মরত এক যুবক বাংলাদেশের অনুপ্রবেশকারী বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শ্বশুরকে বাবা বানিয়ে তিনি জাল ভোটার কার্ডও তৈরি করেছেন বলে অভিযোগ করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে বনগাঁর পাটশিমুলিয়া গ্রামে। এই অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাগদার বিজেপি মণ্ডল সভাপতি সুমন মণ্ডল বনগাঁর বিডিও-র কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, পাটশিমুলিয়া ২৪৯ নম্বর বুথের ভোটার তালিকায় সাহিদ মণ্ডলের বাবার নাম হিসেবে ওহিদুল মণ্ডলের নাম রয়েছে। অথচ, সাহিদের স্ত্রী সাবানা মণ্ডলের বাবার নামও ওহিদুল মণ্ডল।
সুমন মণ্ডল দাবি করেন, সাহিদ আসলে বাংলাদেশ থেকে এসে সাবানাকে বিয়ে করেছেন এবং সাবানার বাবা ওহিদুলকে নিজের বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন। তিনি বলেন, “সাহিদের আসল বাবা বাংলাদেশের বাসিন্দা। সাহিদ মাত্র ৩-৪ বছর আগে এদেশে এসেছেন। এর মধ্যেই তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন এবং সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে ঠিকাকর্মী হিসেবে কাজ করছেন।” সুমন মণ্ডল সংবাদমাধ্যমের সামনে সাহিদের একটি বাংলাদেশি কোভিড কার্ডও দেখিয়েছেন, যা তাঁর অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাহিদ মণ্ডল নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেন। তিনি বলেন, “আমি ভারতীয়, অবিবাহিত। আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই এখানে রয়েছে। এখানকারই বাসিন্দা।” তিনি আরও বলেন, তিনি অনলাইনে ভারতীয় কোভিড কার্ডও দেখাতে পারেন। শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ প্রসঙ্গে সাহিদ বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি অবিবাহিত।”
স্থানীয় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুন নাহার মণ্ডল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “সাহিদের বৈধ কাগজপত্র রয়েছে। এখানে কাজও করে। বিজেপি যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
সাহিদের ভোটার কার্ডে বাবা এবং শ্বশুর উভয়েরই নাম ওহিদুল মণ্ডল হওয়ার এই অদ্ভুত সাদৃশ্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের তদন্তই আসল সত্য উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।