অবশেষে সব সমাধান, থানায় গিয়ে ক্ষমা চাইলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা

সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এক স্থানীয় শিল্পীকে হেনস্থা করার অভিযোগ নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। জানা গেছে, শনিবার অরিজিৎ-এর দেহরক্ষীরা শান্তিনিকেতন থানায় গিয়ে অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চেয়েছেন। এর ফলে এই বিতর্ক আপাতত মিটে গেছে।
গত ১৩ই আগস্ট শান্তিনিকেতনের তালতোড় এলাকায় অরিজিৎ সিংয়ের একটি সিনেমার শুটিং চলছিল। ওই এলাকার বাসিন্দা এবং এস্রাজ শিল্পী কমলাকান্ত লাহা তার কর্মস্থলে যাওয়ার পথে শুটিং টিমের সামনে পড়েন। তার অভিযোগ, অরিজিৎ-এর নিরাপত্তারক্ষীরা তাকে প্রথমে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও রাস্তা না ছাড়লে তিনি পুনরায় অনুরোধ করেন, এবং তখন তাকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হয়। এর পরই ধস্তাধস্তি শুরু হয়। কমলাকান্তের অভিযোগ, তাকে ‘চ্যাংদোলা’ করে সরানো হয় এবং এই সময় তার একটি সোনার আংটিও হারিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন।
ক্ষমা চাইলেন দেহরক্ষীরা:
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর অরিজিৎ-এর নিরাপত্তারক্ষীরা থানায় গিয়ে কমলাকান্ত লাহার কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেন। অরিজিৎ-এর টিমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, শুটিং চলাকালীন তারা কোনোভাবেই সাধারণ মানুষকে বিরক্ত করবেন না। পুলিশ জানিয়েছে, বিষয়টি আপাতত মিটমাট হয়ে গেলেও তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।
গত কয়েক মাস ধরে অরিজিৎ সিং তার সিনেমার শুটিংয়ের জন্য শান্তিনিকেতনে যাতায়াত করছেন। শান্তিনিকেতন থানার পুলিশের অনুমতি নিয়েই শুটিং চলছিল। তবে এই অপ্রত্যাশিত ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল।