সিগারেট-বিড়ির বেড়ে যাবে দাম, নতুন GST-তে কমতে পারে কোন কোন জিনিসের দাম ?

ভারতের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় একটি বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন এই প্রস্তাব অনুযায়ী, জিএসটি-তে দুটি প্রধান স্ল্যাব রাখা হবে: ৫% এবং ১৮%। তবে তামাক ও পান মসলার মতো ক্ষতিকর পণ্যের ওপর ৪০% জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, এই প্রস্তাব ইতিমধ্যেই জিএসটি কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে এবং সেপ্টেম্বর মাসের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, দীপাবলির আগেই দেশে ‘নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার’ কার্যকর করা হবে। তিনি বলেন, “আমি এই দীপাবলিতে দেশের জনগণকে একটি বড় উপহার দিতে চলেছি। আমরা কর ব্যবস্থা সহজ করেছি এবং এখন তা পর্যালোচনার সময় এসেছে। রাজ্যগুলোর সঙ্গে আলোচনা শেষে আমরা এখন নতুন এই সংস্কার বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত।”

দাম কমবে যেসব পণ্যের:
জানা গেছে, এই সংস্কার পরিকল্পনায় কৃষিপণ্য, স্বাস্থ্য সংক্রান্ত দ্রব্য, হস্তশিল্প এবং বীমার উপর কর কমানোর সুপারিশ করা হয়েছে। সরকারের বিশ্বাস, এর ফলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে। বর্তমানে জিএসটি-র পাঁচটি প্রধান স্ল্যাব আছে: ০%, ৫%, ১২%, ১৮% এবং ২৮%। নতুন প্রস্তাবে ১২% হারটি তুলে দিয়ে সেইসব পণ্যকে ৫% এবং ১৮% ক্যাটেগরিতে নিয়ে আসার কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে আরও বলেন, “ব্যক্তিগত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর কর উল্লেখযোগ্যভাবে কমানো হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে, দৈনন্দিন প্রয়োজনের জিনিস সস্তা হবে এবং অর্থনীতিও শক্তিশালী হবে।”

স্বাস্থ্য ও জীবন বীমার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো নতুন জিএসটি কাঠামোয় আরও সুলভে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যদিও সরকার মনে করছে, করহার কমলে সাময়িকভাবে রাজস্বে প্রভাব পড়বে, তবে দীর্ঘমেয়াদে বিক্রি বাড়লে সেই ক্ষতি পুষিয়ে যাবে। সেপ্টেম্বরের জিএসটি কাউন্সিল বৈঠকে চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে এবং দীপাবলির আগেই তা কার্যকর করার লক্ষ্য রয়েছে।