“দম থাকলে…”-বিবেক অগ্নিহোত্রীকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে চ্যালেঞ্জ করলেন TMC-র কুণাল

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার লঞ্চ করতে এসে বিতর্কে জড়িয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শুক্রবার রাতে মুম্বাই থেকে কলকাতায় আসার পর, শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে তার অনুষ্ঠানটি বাধাগ্রস্ত হয়। পরিচালকের অভিযোগ, রাজনৈতিক কারণেই পুলিশ তাকে বাধা দিয়েছে এবং তিনি এ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বিবেক অগ্নিহোত্রীর কঠোর সমালোচনা করেছেন।
কুণাল ঘোষ তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বলেন, “বিবেক অগ্নিহোত্রী নাটক করছেন। তার চলচ্চিত্রগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সমাজে বিভেদ তৈরি করে।” তিনি প্রশ্ন তোলেন, কেন অগ্নিহোত্রী ‘গুজরাট ফাইলস’ বা মণিপুর ফাইলসের মতো ছবি তৈরি করেননি। কুণাল ঘোষ অভিযোগ করেন যে, বিজেপি-র স্বার্থে অগ্নিহোত্রী বাংলায় এসে কুৎসা ছড়াচ্ছেন। তিনি আরও বলেন, “সত্যজিৎ রায়ের বাংলা বলেই আপনি এখনও এখানে দাঁড়িয়ে রয়েছেন।” কুণাল অগ্নিহোত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “যদি ক্ষমতা থাকে, গুজরাট, ইউপি আর মণিপুর ফাইলস করে আসুন, তারপর বেঙ্গল ফাইলস নিয়ে কথা বলবেন।”
অন্যদিকে, কলকাতা পুলিশ পাঁচতারা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে দেয় এবং ল্যাপটপও বাজেয়াপ্ত করে। এর ফলে ট্রেলারটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা সম্ভব হয়নি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেন যে, রাজনৈতিক বাধার কারণেই এমনটা ঘটেছে।
বিবেক অগ্নিহোত্রী…
গুজরাট ফাইলস করার দম হল না? pic.twitter.com/j0KJPfflxV— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 16, 2025
তবে কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, এই ধরনের স্ক্রিনিং ইভেন্টের জন্য বিনোদনমূলক লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, যা আয়োজকরা নেননি। তারা কলকাতা পুরসভা বা স্থানীয় পুলিশকে অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেননি। যেহেতু আয়োজকরা কোনো লাইসেন্স দেখাতে পারেননি, তাই পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। হোটেল কর্তৃপক্ষও দাবি করেছে যে তাদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।
কুণাল ঘোষ আরও বলেন, “বিজেপি পরিকল্পিতভাবে বাঙালিকে অপদস্থ করতে চাইছে, আর বিবেক অগ্নিহোত্রী তাদেরই হাতের পুতুল।” এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে এক নতুন চাপানউতোর শুরু হয়েছে।