‘আমি বলব আগে’, বিধানসভার ভিতরেই তুমুল বচসা দুই বিজেপি বিধায়কের, দেখুন ভিডিও

উত্তরপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে বুধবার শাসকদল বিজেপির দুই বিধায়ক প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বিধানসভার ভিতরে ‘ভিশন ২০৪৭’ নিয়ে আলোচনা চলছিল। সেই সময় মথুরার বিজেপি বিধায়ক রাজেশ চৌধুরী এবং বারাণসীর বিধায়ক সৌরভ শ্রীবাস্তবের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, অন্য সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করছেন। কয়েকজন বিধায়ক রাজেশ চৌধুরীকে থামাতে চেষ্টা করেন, কারণ তিনি উঠে দাঁড়িয়ে সামনের সারিতে বসা সৌরভ শ্রীবাস্তবের দিকে তেড়ে যাচ্ছিলেন। সূত্র অনুযায়ী, আলোচনার জন্য কার নাম প্রস্তাব করা হবে তা নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ, চৌধুরী দাবি করেন যে বারাণসীর বিধায়ক তার নাম স্পিকারের কাছে প্রস্তাব করছেন না।
এই ঘটনার ভিডিও শেয়ার করে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব তার এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লেখেন যে, বিজেপি এমন নেতাদেরই প্রশ্রয় দেয় যারা ‘অসভ্য’ এবং ‘অশ্রাব্য ভাষা’ ব্যবহার করে।
এর জবাবে রাজেশ চৌধুরী অখিলেশ যাদবকে পাল্টা প্রশ্ন করেন, “যখন একজন মৌলানা আপনার স্ত্রীর সম্মানহানি নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখন কেন আপনি চুপ ছিলেন?” তিনি নাম না করে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দিকে ইঙ্গিত করেন, যিনি গত মাসে এক টেলিভিশন বিতর্কে সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের সমালোচনা করেছিলেন।
बदसलूकी और बदज़ुबानी ही भाजपा में तरक़्की की सीढ़ी है।
निंदनीय! pic.twitter.com/uUxQd61sGc
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 14, 2025
রাজেশ চৌধুরী বলেন, “যদি লজ্জার লেশমাত্রও থাকে, তবে ওই মৌলবীর জবাব দিন যিনি আপনার পরিবারের সম্মানকে অপমান করেছেন। আমরা ডিম্পলজির পাশে আছি।” উল্লেখ্য, এর আগেও বিজেপি বিধায়কদের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।