কৃষ্ণের ভোগের থালায় তুলসী পাতা দেওয়া উচিত না অনুচিত? শাস্ত্রে কী বলা হয়েছে? জেনেনিন

জন্মাষ্টমীর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণকে ৫৬ রকমের ভোগ নিবেদন করা হয়। এই ভোগের থালায় তুলসী পাতা দেওয়া উচিত নাকি অনুচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, তুলসী ছাড়া শ্রীকৃষ্ণকে দেওয়া কোনো ভোগই সম্পূর্ণ হয় না।

পদ্মপুরাণে বলা হয়েছে, ভগবানকে যদি এক ফোঁটা জলও দেওয়া হয়, কিন্তু তার সঙ্গে যদি তুলসী পাতা থাকে, তবে শ্রীকৃষ্ণ সেই অর্ঘ্য আনন্দের সঙ্গে গ্রহণ করেন। একইভাবে, গরুড় পুরাণ এবং ভাগবত পুরাণেও বলা হয়েছে যে, বিষ্ণু, কৃষ্ণ বা নারায়ণের পূজায় তুলসী ছাড়া ভোগ অসম্পূর্ণ থাকে। শ্রীকৃষ্ণ তুলসীকে তার অতি প্রিয় ভক্ত মনে করেন এবং বিশ্বাস করা হয় যে তুলসী ছাড়া তিনি কোনো ভোগ গ্রহণ করেন না।

ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এর একটি আধ্যাত্মিক দিকও রয়েছে। তুলসীকে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের অর্ধাঙ্গিনী ‘বৃন্দা দেবী’ মনে করা হয়। তুলসী পাতা অত্যন্ত শুদ্ধ এবং পবিত্রতা ও ভক্তির প্রতীক। তাই জন্মাষ্টমীর ভোগে যত ধরনের ফল, মিষ্টি, দুধ বা মাখনই দেওয়া হোক না কেন, প্রতিটি পদে অন্তত একটি করে তুলসী পাতা দেওয়া বাধ্যতামূলক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।