ছাত্রীদের স্বাস্থ্যে বিশেষ নজর, মাসের ‘ওই কটা দিন’ আর চিন্তা নেই! সোনারপুরের স্কুলে ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’ স্থাপন

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর জগদ্দল কলোনী হাইস্কুলের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোনালী রায়ের উদ্যোগে স্কুলের ভেতরেই বসানো হয়েছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। এই মেশিনের মাধ্যমে মাত্র ৫ টাকার কয়েন ব্যবহার করে ছাত্রীরা সহজেই একটি প্যাড পেতে পারবে।

এই উদ্যোগের ফলে প্রায় দেড়শো ছাত্রী উপকৃত হবে। এর পাশাপাশি, ব্যবহৃত প্যাড পরিবেশবান্ধব উপায়ে নষ্ট করার জন্য একটি বিশেষ ইকো-ফ্রেন্ডলি ডিসপোজাল মেশিনও বসানো হয়েছে। এর ফলে ছাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো রকম অস্বস্তি ছাড়া এই পরিষেবা ব্যবহার করতে পারবে।

শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা এই পদক্ষেপকে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী বলে মনে করছেন। তাদের মতে, এটি একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বাড়াবে, তেমনি মাসিকের দিনগুলোতেও ছাত্রীরা কোনো সমস্যা ছাড়াই স্কুলে উপস্থিত থাকতে পারবে।

পৌরমাতা সোনালী রায়ের এই জনমুখী প্রচেষ্টা শুধুমাত্র জগদ্দল কলোনী হাইস্কুলেই সীমাবদ্ধ নয়, বরং কনক বসু হাইস্কুলেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এক শিক্ষিকা জানান, গ্রামীণ এলাকায় অনেক মেয়েই ঋতুস্রাবের সময় নোংরা কাপড় ব্যবহার করে, যা থেকে সংক্রমণের ঝুঁকি থাকে। এই ধরনের উদ্যোগ প্রতিটি স্কুলে নেওয়া হলে ছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের মা ও বোনেদেরও এই বিষয়ে সচেতন করতে পারবে, যার ফলে সমাজের মধ্যেকার লুকোচুরি শেষ হবে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়বে।