আলাস্কা বৈঠক ব্যর্থ, ভারত ও চীনের ওপর থেকে আপাতত নিষেধাজ্ঞা সরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বহু প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, কিন্তু পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেনের উপর হামলা চলবে। ট্রাম্পও কোনো স্থায়ী মীমাংসা করতে ব্যর্থ হয়েছেন। তবে এই পরিস্থিতিতে ভারত ও চীনের ওপর থেকে আপাতত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যা এই দেশ দুটির জন্য কিছুটা স্বস্তির খবর।

আলাস্কার বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি রাশিয়া এবং তাদের বাণিজ্য অংশীদারদের ওপর দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা এখনই বিবেচনা করছেন না। তবে তিনি এও বলেছেন যে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাকে এই বিষয়টি পুনরায় বিবেচনা করতে হতে পারে।

বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আলাস্কা বৈঠক ভালো হয়েছে।” মাত্র কয়েকদিন আগেই রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারত-সহ বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। কিন্তু এখন তিনি বলেন, “আমি যদি এখনই দ্বিতীয় নিষেধাজ্ঞাগুলো চাপাই, তবে তা অনেক দেশের জন্যই ধ্বংসাত্মক হবে।”

সম্প্রতি ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলেন, যার ফলে মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়িয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে নয়াদিল্লিতে অস্বস্তি তৈরি হয়েছিল।

ট্রাম্প এর আগে রাশিয়া থেকে তেল ক্রেতাদের সতর্ক করে বলেছিলেন যে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আসতে চলেছে। এই তালিকায় ভারত ও চীন শীর্ষে রয়েছে। যদিও ভারত বারবার স্পষ্ট করে জানিয়েছিল যে ট্রাম্পের হুমকির পরও তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না। এই বৈঠকের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন যে বৈঠক ফলপ্রসূ না হলে অতিরিক্ত শুল্কের পরিমাণ আরও বাড়তে পারে। তবে বৈঠকের পর আপাতত সেই আশঙ্কা কিছুটা কমেছে।